পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে ৪০ শতাংশ আমদানি শুল্ক কমিয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানো এবং রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এনবিআর জানায়, নতুন এই শুল্কহার আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
এ ছাড়া চলতি অর্থবছরের বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে গত বছর দেওয়া ৫০ শতাংশ ছাড়ও চলতি বছর বহাল রাখা হয়েছে।



