শহীদ শরিফ ওসমান হাদির শেখানো মন্ত্রেই গোটা বাংলাদেশ উজ্জীবিত হবে—এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।
জানাজা শেষে প্রধান উপদেষ্টা বলেন, “লাখো মানুষ আজ হাদির কথা শুনতে এখানে এসেছে। আমরা হাদিকে বিদায় দিতে আসিনি; হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে, সে জন্যই আমরা এসেছি।”
তিনি আরও বলেন, “হাদি আমাদের বুকের ভেতর আছে। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষের হৃদয়ে ততদিন হাদি বেঁচে থাকবে।”
এ সময় তিনি বারবার উচ্চারণ করেন—“বলো বীর, চির উন্নত মম শির।” প্রধান উপদেষ্টা বলেন, “হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে। এই মন্ত্র আমাদের অন্তরে থাকবে। হাদির শেখানো এই মন্ত্রেই উজ্জীবিত হবে বাংলাদেশ।”
এর আগে সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহকারে মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। বেলা একটার দিকে ফার্মগেট, বিজয় স্মরণী, আসাদগেটসহ মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।



