সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ বলেন, প্রায় এক মাস ধরে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার তার শরীরে একটি ছোট চিকিৎসা-প্রক্রিয়া (প্রসিডিউর) সম্পন্ন করা হয়েছে, যা তিনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করেছেন।
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি সিসিইউতে আইসিইউ সুবিধাসংবলিত একটি কেবিনে চিকিৎসাধীন আছেন। বর্তমান অবস্থার তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আগের চেয়ে তার অবস্থা বেশি স্থিতিশীল বলে উল্লেখ করেন ডা. জাহিদ।
তিনি বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, সিসিইউতে যে কেবিনে তিনি অবস্থান করছেন সেখানে আইসিইউর সব ধরনের সুবিধা রয়েছে। বোঝার সুবিধার্থে বলা যায়, তিনি কার্যত আইসিইউতেই আছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না—এমন প্রশ্নে ডা. জাহিদ বলেন, “আমি দুটি শব্দ বলবো—একটি আলহামদুলিল্লাহ, আর দ্বিতীয়টি হলো আজ তার শরীরে একটি প্রসিডিউর করা হয়েছে, যা তিনি অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছেন। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং কোনো অবনতি ঘটেনি।”



