সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরং সীমান্তে এবং দুপুর ১২টায় বরমসিদ্ধিপুর সীমান্তে পৃথক দুটি ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরং এলাকার মোশাহিদ আলীর ছেলে আশিকুর রহমান (২০) এবং একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে মো. ইয়াকুব উদ্দিন (৩২)। এ ঘটনায় একই এলাকার মৃত আব্দুর রবের ছেলে মোশাঈদ (২২) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে আশিকুর রহমান ও মোশাঈদ তুরং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে খাসিয়া আদিবাসীরা তাদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান নিহত হন। আহত মোশাঈদ পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা আশিকুরের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।
অপরদিকে, দুপুর ১২টার দিকে বরমসিদ্ধিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মো. ইয়াকুব উদ্দিনকে খাসিয়া আদিবাসীরা বুক, মুখ ও পায়ে গুলি করে। খবর পেয়ে স্বজনরা তাকে ভারতের ভেতর থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় খাসিয়া আদিবাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের স্বজনরা ভারতের অভ্যন্তর থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছেন। বর্তমানে উভয় মরদেহ থানায় রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



