আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি নিজেই এ কথা জানান।
একই সঙ্গে দেশে ফেরার সময় এয়ারপোর্টে ভিড় না করার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, গত ১৮ বছর তিনি প্রবাসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে থেকেছেন এবং তাদের কাছ থেকে নানাভাবে সমর্থন ও সহযোগিতা পেয়েছেন।
তিনি বলেন, “আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ২৫ তারিখে আমি দেশে ফিরে যাব। তবে উপস্থিত সবার কাছে আমার বিশেষ অনুরোধ—সেদিন কেউ এয়ারপোর্টে যাবেন না। এয়ারপোর্টে ভিড় হলে হট্টগোল তৈরি হতে পারে, এতে দেশের ও দলের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”
তারেক রহমান আরও বলেন, “যারা আমার এই অনুরোধ রাখবেন, আমি মনে করব তারা দল এবং দেশের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখেছেন। আর অনুরোধ সত্ত্বেও যারা এয়ারপোর্টে যাবেন, তাদের বিষয়ে আমাকে ধরে নিতে হবে যে, তারা ব্যক্তিগত স্বার্থে সেখানে গিয়েছেন।”



