ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
ঘোষণা অনুযায়ী, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে একত্র করে শহীদ মিনারে সমাবেশের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘সোমবার (১৫ ডিসেম্বর) ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে এ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



