ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ মো. ওসমান হাদির সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রকাশ করেছে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড।
হাদির চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার ডিএমএস ডা. আরিফ মাহমুদ। মেডিকেল বোর্ড জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
মেডিকেল প্রতিবেদনে বলা হয়, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অপারেশন শেষে তাঁকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট অব্যাহত থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
এ ছাড়া ফুসফুসে ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় আপাতত এটি চালু রাখা হয়েছে। সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে।
কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এবং তা বজায় রাখতে ফ্লুইড ব্যালেন্স সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পূর্বে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান দেওয়া হবে।
ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বিপজ্জনকভাবে কমে গেলে টেম্পোরারি পেসমেকার স্থাপনের প্রস্তুতি রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও অন্যান্য বিভাগের চিকিৎসক ও স্টাফদের মানবিক ও পেশাদার সহযোগিতার জন্য মেডিকেল বোর্ড কৃতজ্ঞতা জানিয়েছে।
মেডিকেল বোর্ডের ভাষ্য অনুযায়ী, বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বোর্ড আরও জানায়, রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। অপ্রয়োজনীয় ভিড় এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। একই সঙ্গে অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছে।
প্রধান চিকিৎসক ও বোর্ড সদস্যরা
প্রাইমারি কনসালটেন্ট: ডা. আলিউজ্জামান
আইসিইউ কনসালটেন্ট: ডা. মো. জাফর ইকবাল
বোর্ড সদস্য: ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, ডা. জিল্লুর রহমান, ডা. এ কে এম রেজা, ডা. মাসুম কামাল খান, ডা. জিয়াউল হক, ডা. খন্দকার মাহবুবুর রহমান, ডা. এস. এম. হাসান শাহরিয়ার, ডা. জুলফিকার হায়দার, ডা. শাহিনুর রহমান, ডা. আতিয়ার রহমান, ডা. একরাম উদ্দৌলা ও ডা. কাজী স্মিতা হক।
গুলিবিদ্ধ হওয়ার আগে হাদি তাঁর ফেসবুক পেজে জানান, ভারতসহ বিভিন্ন দেশের ৩০টিরও বেশি নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। একই সঙ্গে বাড়িতে আগুন দেওয়া এবং স্ত্রী ও মাকে ক্ষতির হুমকির কথাও উল্লেখ করেন তিনি।
ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।



