সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ধাপ (ফেইজ-টু) শিগগিরই শুরু করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্রার্থীরা আবেদন করলে অস্ত্রের লাইসেন্স প্রদান করা হবে। পাশাপাশি সরকারের হেফাজতে থাকা বৈধ অস্ত্রও সংশ্লিষ্টদের কাছে ফেরত দেওয়া হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করতে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরু করা হবে।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।



