সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
মঙ্গলবার দুপুরে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটি থামানো হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমাড়ি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
তদন্ত কমিটির সদস্য ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ জানান, বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
পাকশী বিভাগের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, লাইনচ্যুত বগিটির দুটি চাকা সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে একটি চাকা ছিটকে স্টেশনের বাইরে পড়ে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।



