tanaka
প্রচ্ছদসারাদেশ৯৯৯ সেবায় ব্যর্থতার অভিযোগ, হাইকোর্টের রুল

৯৯৯ সেবায় ব্যর্থতার অভিযোগ, হাইকোর্টের রুল

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, একাধিকবার কল অন্যত্র স্থানান্তর এবং দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সায়কা কবির।

যেসব বিষয়ে জবাব চেয়েছেন আদালত

রুলে আদালত জানতে চেয়েছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র স্থানান্তর এবং কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থতাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

এ ছাড়া জরুরি কল পাওয়ার পর নিকটতম পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত ঘটনাস্থলে মোতায়েনে ব্যর্থতার বিষয়টিও রুলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘জিরো এফআইআর’ নিয়েও প্রশ্ন

জরুরি পরিস্থিতিতে নাগরিকের দ্রুত আইনি সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও চালু রাখতে ব্যর্থতার কারণে নাগরিকের সময়মতো পুলিশি সুরক্ষা এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক বা অফিসার ইনচার্জ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।