tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা চীনের

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা চীনের

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে চীন জানিয়েছে, তেহরানের সঙ্গে তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। তাই দুই দেশের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা বাধা দেওয়া উচিত নয় বলে স্পষ্ট করেছে বেইজিং।

মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন জিয়ান এ অবস্থান জানান।

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের অবস্থান

সম্প্রতি ইরানের ওপর চাপ বাড়াতে ৬০টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমুদ্রগামী জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতির ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করা হবে।

এ বিষয়ে লিন জিয়ান বলেন, চীন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। চীনের মূল ভূখণ্ড বা দেশটির কোনো প্রতিষ্ঠানের বৈধ ব্যবসায়িক অধিকার ক্ষতিগ্রস্ত হলে তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বেইজিং দ্বিধা করবে না।

ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে বেইজিং

চীন ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো জ্বালানি, বিশেষ করে ইরানের কাছ থেকে চীনের তেল আমদানি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশ একতরফাভাবে অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বৈধ নয়।

সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার পরও চীন সেই অবস্থানই পুনর্ব্যক্ত করেছে। ফলে ওয়াশিংটনের চাপের মধ্যেও ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার বার্তাই দিয়েছে বেইজিং