আন্তঃকোরিয় বিষয়গুলো দেখভাল করা দক্ষিণের একত্রীকরণ মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সুওনে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ২০ মে সুওন এফসির মুখোমুখি হবে পিয়ংইয়ংয়ের নায়েগোহিয়াং এফসি।
এএফসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ফুটবল সংস্থা সুওনে এই ম্যাচে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিশ্চিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাদের দেশের ফুটবল ক্লাবের সফর সম্পর্কে কোনো প্রতিবেদন করেনি।
২০১৮ সালের ডিসেম্বরে একটি টেবিল টেনিস ইভেন্টের জন্য দক্ষিণ কোরিয়াতে অ্যাথলেট পাঠিয়েছিল উত্তর কোরিয়া। তার আগে ২০১৪ সালে ইনচিয়নে এশিয়ান গেমসের জন্য জাতীয় নারী ফুটবল দলকেও পাঠিয়েছিল তারা। সেটাই ছিল দক্ষিণে উত্তরের নারী দলের শেষ ফুটবল খেলা।



