বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম কমাতে জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি৭ভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে নেওয়া এ উদ্যোগের আওতায় প্রায় ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে আনা হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, বিশ্বের কয়েকটি বৃহৎ অর্থনীতির দেশগুলোর কৌশলগত জ্বালানি মজুত থেকে তেল ছাড়ার বিষয়টি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সমন্বয় করবে। আগামী চার মাসের মধ্যে ধাপে ধাপে এই মজুত বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
জি৭-এর বর্তমান সভাপতি মাখোঁ শুক্রবার নেতাদের এক ভিডিও বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান। জোটটিতে ফ্রান্সের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান রয়েছে। ইউরোপীয় ইউনিয়নও জোটটির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত।
মাখোঁ বলেন, জি৭ দেশগুলো পেট্রোলিয়ামজাত পণ্য, বিশেষ করে ডিজেলের দাম কমাতে সমন্বিতভাবে কাজ করতে চায়।
এর আগে বৃহস্পতিবার রাতে মাখোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। পরদিন শুক্রবার সকালে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে জি৭ নেতাদের জরুরি ভিডিও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ট্রাম্প জানান, ইউরোপ তাদের মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়বে এবং এ কার্যক্রম দ্রুত শুরু হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইউরোপ তাদের বিপুল পরিমাণ মজুত করা ডিজেল তেল থেকে বিশাল পরিমাণ ছাড়তে সম্মত হয়েছে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।’
প্যারিসের এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত জি৭ নেতাদের যৌথ বিবৃতিতেও মজুত থেকে জ্বালানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সমন্বিতভাবে প্রায় ১০ কোটি ব্যারেল জ্বালানি মজুত থেকে বাজারে ছাড়া হবে। আগামী চার মাসে ধাপে ধাপে এই মজুত সরবরাহ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রথম ২০ দিনের মধ্যেই জি৭ সদস্য ও অংশীদার দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়বে। ফলে পরিকল্পনার প্রাথমিক পর্যায়েই মজুতের একটি বড় অংশ বাজারে আসতে পারে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপের ডিজেল মজুত বাজারে ছাড়ার বিষয়ে সমঝোতা করতে বৃহস্পতিবার রাতে মাখোঁ এবং শুক্রবার সকালে জি৭ নেতাদের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর চাপ কমানো এবং বাজারে স্থিতিশীলতা ফেরাতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জি৭ নেতাদের বিবৃতিতে জানানো হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ



