২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় নিহতদের গভীর শোক ও ক্ষোভের সঙ্গে স্মরণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ (পল্টন জোন)। সংগঠনটির নেতারা বলেছেন, ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় আনতে হবে।
সোমবার (৪ মে) বাদ মাগরিব শাপলা চত্বরের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এ দাবি জানান।
পল্টন জোন কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জোন সভাপতি মুফতি সালাহ উদ্দীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী। এতে বক্তব্য দেন মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাখদুম ও মাওলানা আবদুল্লাহ রাসেল। দোয়া পরিচালনা করেন মুফতি জুবায়ের রশিদ।
বক্তারা বলেন, একটি সভ্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে দমন-পীড়নের মাধ্যমে কোনো নাগরিকের প্রাণহানি গ্রহণযোগ্য নয়। শাপলা চত্বরের ঘটনা কেবল একটি মানবিক বিপর্যয় নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়।
তারা আরও বলেন, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের চিহ্নিত করতে হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানান তারা।
বক্তারা উল্লেখ করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই নিহতদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব এবং সত্য ও ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবেই।



