মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের বাকি সাত বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২০ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি তিনটি জেলার তিনটি পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছিল।
এর মধ্যে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ৩৩ সেন্টিমিটার এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও কুশিয়ারার পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে নদী দুটির পানি আবারও বাড়তে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। বর্তমানে যেসব এলাকায় বন্যা রয়েছে, সেসব স্থানে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বেড়েছে। আগামী দুই দিন এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার ভুগাই, কংস ও সোমেশ্বরী নদী এবং সিলেট ও সুনামগঞ্জের সারিগোয়াইন ও যাদুকাটা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে এবং বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে যাদুকাটা, সোমেশ্বরী, সারিগোয়াইন ও ভুগাই নদীর উজানে ভারতের মেঘালয় রাজ্যে গত ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুলেটিন অনুযায়ী, উইলিয়ামনগরে ৩৭১ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ২৭৯ মিলিমিটার, আর কে এম সোহরায় ২৮২ মিলিমিটার এবং তুরায় ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আসামের গुवাহাটিতে ১৩৮ মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
৭ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস
আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগ এ সতর্কতার বাইরে রয়েছে।
আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি বৃষ্টি’ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারি বর্ষণ’ হিসেবে ধরা হয়।
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে আরও জানানো হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।



