tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিস্থানীয় নির্বাচন নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

স্থানীয় নির্বাচন নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা ও অংশগ্রহণসংক্রান্ত সব সিদ্ধান্ত শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান আয়োজিত মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে শরিক দলগুলোর সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি বলেন, বর্তমান আইনে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে এ–সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত পারস্পরিক আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হবে।

ব্রিফিংয়ে তিনি সরকারের পাঁচ মাসের কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন।

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র দলগুলোর অবদানের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন কিংবা গুম ও হত্যার শিকার হয়েছেন, দেশ ও জাতি তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশ গড়ার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত এ নৈশভোজে ৪১টি রাজনৈতিক দলের মোট ১৮৪ জন প্রতিনিধি অংশ নেন। তবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং জমিয়তে ইসলাম এ আয়োজনে অংশ নেয়নি।