tanaka
প্রচ্ছদঅন্যান্য৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি

৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি

চাকরি খোঁজার প্ল্যাটফর্ম ‘বিডিজবস’ থেকে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর তথ্য বা সিভি হ্যাক করার দাবি করেছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়ারও দাবি করেছে তারা। তবে হ্যাকারদের এ দাবি প্রত্যাখ্যান করেছে বিডিজবস। একই সঙ্গে যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি স্টার বাংলা। প্রতিবেদনে বলা হয়, একই দিন ডার্ক ওয়েবের একটি ফোরামে ‘মাদারাক্স’ নামের হ্যাকার গ্রুপটি ওই বিজ্ঞাপন প্রকাশ করে।

হ্যাকারদের দাবি, তাদের কাছে থাকা ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে।

পুরো ডেটাসেটের জন্য ১ হাজার ডলার দাম চেয়েছে হ্যাকাররা। বিজ্ঞাপনে বলা হয়েছে, সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বিন্যান্সের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে বিডিজবস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেও জানানো হয়েছে।

বিডিজবসের দাবি, তাদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনভাবে পরিচালিত হয়, যাতে ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারেন কারা তাদের প্রোফাইল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে বিডিজবসে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে হ্যাকারদের প্রকাশিত দাবির সত্যতা এবং কথিত ডেটাসেটটি সত্যিই বিডিজবসের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।