tanaka
প্রচ্ছদজাতীয়টেকসই জ্বালানি উদ্ভাবনে তরুণ ও পেশাজীবীদের কাছ থেকে আইডিয়া চায় সরকার

টেকসই জ্বালানি উদ্ভাবনে তরুণ ও পেশাজীবীদের কাছ থেকে আইডিয়া চায় সরকার

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয়ে নতুন ও বাস্তবসম্মত ধারণা খুঁজতে ‘স্ফুরণ—টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ। এ প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীরা অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে উদ্ভাবনী ধারণা জমা দিতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে। জার্মান উন্নয়ন সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে জিআইজেড এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রতিযোগিতার মূল লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী ধারণা খুঁজে বের করা।

দুটি বিভাগে অংশগ্রহণের সুযোগ

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য দুটি বিভাগ রাখা হয়েছে। গ্রুপ ‘এ’-তে দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের দুই শিক্ষার্থী মিলে একটি দল গঠন করে অংশ নিতে পারবেন। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীরা এককভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

নবায়নযোগ্য জ্বালানি বিভাগে সৌরবিদ্যুৎ, স্মার্ট সৌর সেচ, অফ-গ্রিড ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, জ্বালানি সংরক্ষণ, বায়ুবিদ্যুৎ, দেশীয়ভাবে সৌর প্যানেল ও ইনভার্টার উৎপাদন এবং কৃষিজমির সাশ্রয়ী ব্যবহারে এগ্রি-পিভি ও ভাসমান সৌরবিদ্যুৎ নিয়ে উদ্ভাবনী ধারণা জমা দেওয়া যাবে।

এ ছাড়া জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, পরিচ্ছন্ন রান্নার ব্যবস্থা, জ্বালানি দক্ষতা পর্যবেক্ষণে ডিজিটাল সরঞ্জাম, বৈদ্যুতিক যান ও চার্জিং অবকাঠামো, ভবনের জ্বালানি দক্ষতা, বিদ্যুৎ সাশ্রয়ী শীতলীকরণ, বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনা, পুরোনো স্থাপনা ও ব্যবস্থার আধুনিকায়ন, আচরণগত পরিবর্তন এবং নীতিগত প্রস্তাবনা নিয়েও ধারণা জমা দেওয়ার সুযোগ রয়েছে।

জমা দিতে হবে কনসেপ্ট নোট ও ভিডিও

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নিজস্ব ধারণার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সর্বোচ্চ এক হাজার শব্দের একটি কনসেপ্ট নোট জমা দিতে হবে। পাশাপাশি ধারণাটির বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব তুলে ধরে তিন মিনিটের একটি ভিডিও জমা দিতে হবে।

আগ্রহীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন ও উদ্ভাবনী ধারণা জমা দিতে পারবেন।

স্রেডার চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং এ লক্ষ্য অর্জনে নতুন ও বাস্তবসম্মত ধারণা পেতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্তমান তরুণ প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনী ধারণা তৈরি করছে এবং নানা বিষয়ে গবেষণা করছে। তরুণদের এসব গবেষণালব্ধ ধারণা কাজে লাগিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে চায় স্রেডা। এসব ধারণা বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতের উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।