tanaka
প্রচ্ছদঅন্যান্যপ্রয়োজনে সব মাহফিল বন্ধ করব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব ধর্মীয় মাহফিলে বক্তব্য দেওয়া বন্ধ করে দেবেন, তবু নিজের ঈমানের সঙ্গে আপস করবেন না বলে জানিয়েছেন আলোচিত ধর্মীয় বক্তা হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফ। তিনি বলেছেন, ‘আমরা আল্লাহর গোলাম, কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন দৃঢ় অবস্থানের কথা জানান তিনি।

স্ট্যাটাসে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব। তবুও ঈমান বিক্রি করব না। আমরা আল্লাহর গোলাম। কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।’

এর আগে গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবার হাতে অভিযুক্ত শিক্ষক মারধরের শিকার হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেন তাশরীফ। তার ওই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।

এ বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় আসে তাশরীফের পারিবারিক বিষয়। এক ভিডিও সাক্ষাৎকারে তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া এবং বাবা-মায়ের খোঁজখবর না রাখার অভিযোগ তোলেন।

বাবার এসব অভিযোগের পর নিজের মাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তাশরীফ। ওই ভিডিওতে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেন।

ধারাবাহিক এসব বিতর্কের মধ্যেই এবার মাহফিল বন্ধ করার ঘোষণা দিয়ে ঈমান ও আদর্শের প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরলেন এই ধর্মীয় বক্তা।