তিনদিনের সরকারি সফরে ঢাকায় আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ণিমা রাই জানান, সফরকালে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।
এদিকে, পল কাপুরের সঙ্গে আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সোমবার বলেন, “বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।”
বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বিষয়গুলো তদারকির জন্য গত বছরের ফেব্রুয়ারিতে তাকে মনোনয়ন দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই বছরের অক্টোবরে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে তার মনোনয়ন অনুমোদন পায়।
সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে কাপুর দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্টগ্র্যাজুয়েট অধ্যাপনা করেন।
দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।



