দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এর আগে রোববার (১৭ মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে দেশটির চাঁদ দেখা কমিটি জানায়। সেই অনুযায়ী সৌদিতে ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হবে এবং ৯ জিলহজ বা ২৬ মে পালন করা হবে আরাফাত দিবস।
প্রচলিত নিয়ম অনুযায়ী দীর্ঘদিন ধরে সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকায় ২৮ মে ঈদ হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল, যা জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি ছুটি সাত দিন ঘোষণা করা হয়েছে। ঈদের আনন্দ নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে টানা এই ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।



