সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য করায় অধস্তন আদালতের ২৮ জন বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিষয়টি জানা গেছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এবং উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তারা ব্যক্তিগত মতামত প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের জারিকৃত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘন করেছেন, যা অসদাচরণ হিসেবে বিবেচিত।
নোটিশে আরও উল্লেখ করা হয়, তাদের এ কর্মকাণ্ড ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ২ (চ) (২) অনুযায়ী চাকরির শৃঙ্খলার পরিপন্থী, যা শাস্তিযোগ্য অপরাধের শামিল।
এ অবস্থায়, উল্লিখিত বিধিমালার বিধি ৩ (২) অনুযায়ী অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর নির্দেশনা অনুযায়ী বিচারকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দিষ্ট বিধিনিষেধ ও শিষ্টাচার মেনে চলা বাধ্যতামূলক। এসব নীতিমালা লঙ্ঘনের অভিযোগেই সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।



