বিরোধী দল জামায়াতে ইসলামীতে কোনো মুক্তিযোদ্ধা নেই— স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি উল্লেখ করেন, নিজের দেখা অনুযায়ী গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় স্পিকার ও প্রতিমন্ত্রীর মধ্যে এ কথোপকথন হয়।
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম গত রোববার সংসদে বলেন, তিনি নবম সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে আওয়ামী লীগ আমলে তার নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমদ বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং নবম সেক্টরে যুদ্ধ করেন। বীরত্বের জন্য স্বাধীনতার পর তাকে ‘বীরবিক্রম’ খেতাব দেওয়া হয়। বর্তমানে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মঙ্গলবার সংসদে বক্তব্য দেওয়ার সময় স্পিকারকে উদ্দেশ করে বলেন, আপনাকে দেখলে অনেকের ভালো লাগে, কারও কারও ভালো লাগে না; তবে আপনি ১৯৭১ সালের প্রতিনিধিত্ব করছেন।
সরকারি দলের বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বিএনপির কয়েকজন এমপির নামও বলেন। এরপর তিনি মন্তব্য করেন, বিরোধী দলের বেঞ্চে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়ার সুযোগ নেই। এ সময় বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান এবং হৈচৈ শুরু করেন।
পরিস্থিতি শান্ত করতে স্পিকার বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজে দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। এরপর বিরোধী দলের সদস্যরা শান্ত হন এবং প্রতিমন্ত্রী পুনরায় বক্তব্য শুরু করেন।



