প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) থেকে এ ভিসার আবেদন গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আইভ্যাক থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। একই সঙ্গে মেডিকেল ভিসা কার্যক্রমও চলমান থাকবে এবং এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেন দীনেশ ত্রিবেদী। গত ১২ জুন তিনি পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এর আগে ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক অনুমোদন নেন তিনি।
ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার লোকসভা ও রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কয়েকটি আইভ্যাক হামলার শিকার হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। তবে চিকিৎসার প্রয়োজন বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্রগুলো চালু রাখা হয়।
বর্তমানে ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে দেড় হাজারের বেশি ভিসা ইস্যু করছে বলে জানিয়েছে হাইকমিশন।



