জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দীর্ঘ প্রায় ২০ বছর পর তার এই যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে। সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী আপাতত অন্য কোনো দেশ সফর করবেন না। তার যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি এবং অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সরকারি সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও আয়োজনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচিতে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর একই সময়ে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি দেশের কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হয়ে উঠতে পারে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ দুই দশক পর যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিভিন্ন কর্মসূচি সফল করতে এরই মধ্যে অনলাইনে ভার্চুয়াল যৌথ প্রস্তুতি সভা করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে এসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবারের সফরকে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দ্বিপক্ষীয় সফরে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি, করিডোর স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়।
এরপর কয়েকটি দেশ সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



