tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধের মধ্যেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

যুদ্ধের মধ্যেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এ তথ্য জানিয়েছেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকনেজাদ জানান, দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে আবিষ্কৃত নতুন গ্যাসক্ষেত্রটিতে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস রয়েছে। এর মধ্যে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য।

তিনি বলেন, নতুন এই আবিষ্কারের ফলে ইরানের জাতীয় জ্বালানি মজুত আরও সমৃদ্ধ হয়েছে। নতুন গ্যাসের মজুত শনাক্ত ও উত্তোলনের জন্য দেশটির চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়া গেছে।

পাকনেজাদের দাবি, নতুন গ্যাসক্ষেত্রের উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ইরানের অন্যতম বৃহৎ সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি ধাপকে প্রায় ১৫ বছর চালানোর জন্য যথেষ্ট।

নতুন আবিষ্কৃত গ্যাসকে ‘সুইট গ্যাস’ হিসেবে উল্লেখ করেছেন পাকনেজাদ। এতে ক্ষতিকর সালফারের পরিমাণ তুলনামূলক কম থাকায় গ্যাসক্ষেত্রটির উন্নয়ন ও পরিচালন ব্যয় কম হতে পারে বলে জানান তিনি।

এ ছাড়া নতুন গ্যাসক্ষেত্রটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও রয়েছে। গ্যাসের পাশাপাশি এসব কনডেনসেট থেকেও আগামী দিনে ইরান কয়েক হাজার কোটি ডলারের অর্থনৈতিক সুবিধা পেতে পারে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী।