দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং সফর শেষে ৩১ আগস্ট রাজধানীতে ফিরবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। এ সময় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সফরের বিস্তারিত কর্মসূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার এ সফরই হবে প্রথম জেলা সফর।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রস্তুতি নিচ্ছে। সফরকালে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা থাকলেও এসব বিষয়ে বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি।



