জনঘনত্ব, তাপমাত্রা বৃদ্ধি ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল। আর এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাংক জানায়, ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রায় ৯০ শতাংশ মানুষ চরম তাপমাত্রার মুখোমুখি হবে এবং উল্লেখযোগ্য অংশ ভয়াবহ বন্যার শিকার হতে পারে। উপকূলীয় অঞ্চলে পানি ও মাটিতে লবণাক্ততা বৃদ্ধির ফলে বাংলাদেশের লাখো মানুষের জীবিকা ইতোমধ্যেই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সোমবার ঢাকায় প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ প্রতিবেদনেও এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলার বড় চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলোকে।
সর্বশেষ প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু অভিযোজনের চাপ সবচেয়ে বেশি পড়ছে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। আগামী দশ বছরে দক্ষিণ এশিয়ার তিন-চতুর্থাংশের বেশি পরিবার ও প্রতিষ্ঠান জলবায়ুজনিত ধাক্কার ঝুঁকিতে থাকবে। যদিও ৬৩ শতাংশ প্রতিষ্ঠান ও ৮০ শতাংশ পরিবার ইতোমধ্যে কিছু অভিযোজনমূলক ব্যবস্থা নিয়েছে, সেগুলোর বেশিরভাগই স্বল্পব্যয়ী ও সাধারণ সমাধান। উন্নত প্রযুক্তি বা সরকারি অবকাঠামো ব্যবহারের প্রবণতা এখনো সীমিত।
বাংলাদেশের ২৫০টি উপকূলীয় গ্রামে পরিচালিত এক জরিপে দেখা গেছে, জলবায়ু-সহনশীল অবকাঠামোই পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে অভিযোজনে সবচেয়ে জরুরি উপাদান। দীর্ঘমেয়াদে ৫৭ শতাংশ পরিবার অপর্যাপ্ত দুর্যোগ-সুরক্ষা কাঠামোকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে এবং ৫৬ শতাংশ পরিবার সীমিত আর্থিক সম্পদকে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে। এসব প্রভাব শুধু পরিবেশগত নয়; বরং মানবিক দিক থেকেও বড় আঘাত হানছে, বিশেষ করে দরিদ্র পরিবারের ওপর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাঁধ নির্মাণ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মতো সর্বজনীন বিনিয়োগ বহু প্রাণ রক্ষা করেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অভিজ্ঞতা দেখায়, লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি দ্রুত সম্প্রসারণযোগ্য এবং দুর্বল জনগোষ্ঠীকে কার্যকর সহায়তা দেয়। তবে সরকারি আর্থিক সীমাবদ্ধতার কারণে বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করে একটি বিস্তৃত নীতি প্যাকেজ গ্রহণের প্রয়োজন রয়েছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, “বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বারবার নতুনভাবে পরীক্ষিত হচ্ছে। অভিযোজন বাড়লেও ঝুঁকি দ্রুত বাড়ছে, তাই আরও কার্যকর পদক্ষেপ জরুরি।”
তিনি আরও বলেন, আগাম সতর্কতা ব্যবস্থা, সামাজিক সুরক্ষা, জলবায়ু-স্মার্ট কৃষি ও ঝুঁকিভিত্তিক অর্থায়ন বাড়ানোর পাশাপাশি শহরাঞ্চলে লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপ প্রয়োজন।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও প্রতিবেদনের সহ-লেখক সিদ্ধার্থ শর্মাও বাংলাদেশের অভিজ্ঞতাকে একদিকে উদাহরণ, অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন।



