সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রম হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষেই অবস্থান নেবে। তিনি বলেন, একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশের অগ্রগতি এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সরকারকে গঠনমূলক সহযোগিতা করতে প্রস্তুত তাদের দল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতা বা প্রতিহিংসার কারণে যেন জনগণের ক্ষতি না হয়—সে বিষয়ে সরকার ও বিরোধীদল উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হলে বিরোধীদল প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াত প্রতিটি ইতিবাচক উদ্যোগে সরকারের পাশে থাকবে। তবে যেখানে প্রয়োজন হবে, সেখানে সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিরোধ গড়ে তোলা হবে। তার ভাষ্য অনুযায়ী, বিরোধীদল সহযোগিতামূলক রাজনীতিতে বিশ্বাসী; কিন্তু জাতীয় স্বার্থ বিঘ্নিত হলে জনগণের পক্ষে জবাবদিহি নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা রাখবে।



