tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতি১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্রে যেতে হবে :...

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্রে যেতে হবে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ রয়েছে। সঠিক প্রার্থীর পক্ষে রায় দেওয়ার মধ্য দিয়ে এই দিনটি শুধু নির্বাচনের দিন নয়, ভাগ্য পরিবর্তনের দিন হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। ৫ আগস্টের পরিবর্তন যদি শুধু রাজনৈতিক পরিবর্তন হয়ে থাকে, তবে ১২ ফেব্রুয়ারির পরিবর্তন হতে হবে মানুষের জীবনের পরিবর্তন।’

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিগত সময়ে ঢাকাসহ বড় বড় শহরে মেগা প্রকল্প হয়েছে, কিন্তু একই সঙ্গে হয়েছে মেগা দুর্নীতি। আমরা খুন, গুম, গায়েবি মামলা দেখেছি, পাশাপাশি দেখেছি ব্যাপক দুর্নীতি। এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে। পরিবর্তন আনতে হলে ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা না গেলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সামনে এগিয়ে আসতে হবে। এই দেশ কীভাবে চলবে বা চলবে না—তার সিদ্ধান্ত নেবে জনগণই, কারণ জনগণই দেশের মালিক।’

পথসভায় তারেক রহমান টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানির পরিকল্পনার কথা জানান। পাশাপাশি দেশের পাটশিল্প পুনরুজ্জীবিত করতে মিল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন। তিনি কৃষকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। বক্তব্য দেন টাঙ্গাইল-২ আসনের মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৮ আসনের মনোনীত প্রার্থী আহমেদ আযম খান, টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৭ আসনের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৩ আসনের মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসিরসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা। এ সময় টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসেন বিএনপির চেয়ারম্যান। এটি তার টাঙ্গাইলে প্রথম রাজনৈতিক সফর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসভাস্থল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুরো জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

prothomnews24.com/moha