বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামীকাল বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে। এ সময় সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাবে।
ইউরোপের মূল ভূখণ্ড থেকে এবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে, যা ১৯৯৯ সালের পর এ অঞ্চলের জন্য একটি বিরল ঘটনা। স্পেনের বড় একটি অংশসহ প্রায় দেড় কোটি মানুষ সরাসরি পূর্ণগ্রাসের পথ বা ‘পাথ অব টোটালিটি’র আওতায় থাকবেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সূর্যগ্রহণের আংশিক দৃশ্য পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকা এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশ থেকেও দেখা যাবে। সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৯৮ কোটি মানুষ কোনো না কোনোভাবে এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদকে প্রায় সমান আকারের দেখানোর কারণেই পূর্ণ সূর্যগ্রহণ সম্ভব হয়। প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। এগুলোর মধ্যে থাকতে পারে আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস কিংবা হাইব্রিড সূর্যগ্রহণ। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রায় দেড় বছরে একবার পৃথিবীর কোনো না কোনো স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়।
আগামীকালের পূর্ণ সূর্যগ্রহণের সময় স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের পাশাপাশি রাশিয়া ও পর্তুগালের কিছু অংশে সূর্য সম্পূর্ণভাবে ঢেকে যাবে। বিশেষ করে স্পেনের উত্তর ও পূর্বাঞ্চলের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়ার মতো শহর পূর্ণগ্রাসের সরাসরি পথের মধ্যে রয়েছে।
এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসব এলাকায় জড়ো হচ্ছেন। তবে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় খালি চোখে সূর্যের দিকে না তাকিয়ে যথাযথ সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।



