আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে আজ। এর মধ্যে ২২০ আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। বাকি ৮০ আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন।
মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট সূত্রগুলো এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। তখন ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য সংরক্ষিত রেখে অবশিষ্ট আসনগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টনের সিদ্ধান্ত হয়। তবে ইসলামী আন্দোলন জোটে না আসায় তাদের জন্য বরাদ্দ আসনগুলো অন্য শরিকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।
পুনর্বণ্টনের ফলে এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি এবং খেলাফত মজলিস ১২টি আসন পাচ্ছে বলে জানা গেছে। এছাড়া কয়েকটি আসন এখনও উন্মুক্ত রাখা হয়েছে।
আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর জোটের পক্ষ থেকে আসন সমঝোতার চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



