যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের নিকটবর্তী এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুরুতর আহত হন। ঘটনার পরপরই একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর—বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউস থেকে দুই ব্লকেরও কম দূরত্বে এ হামলা ঘটে। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার এটিকে ‘পরিকল্পিত গুলি’ বলে উল্লেখ করেছেন।
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানান, ঘটনাটিকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এতে একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত করছে। গুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। তিনি জানিয়েছেন, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাকে “খুব চড়া মূল্য” দিতে হবে।
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল বলেন, হামলাকারী একজনই ছিলেন। ঘটনাস্থলে তাকে গুলিবিদ্ধ করে নিরস্ত্র করা হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এক এক্স পোস্টে জানান, তিনি ও তার স্ত্রী জিল এ ঘটনার খবরে গভীরভাবে মর্মাহত। বাইডেন লিখেছেন, “যেকোনো ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা আহত সেনা সদস্য ও তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”



