দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে সংঘটিত এই অতর্কিত হামলায় ১১ জন সেনা আহত এবং একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আহতের সংখ্যা ১০ জন বলা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, একজন মাঝারি এবং বাকিরা সামান্য আহত হয়েছেন।
আহত সবাই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরিবারগুলোকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
গত কয়েক দিন ধরে ইসরায়েলি স্থল অভিযানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিনত জেবেইল শহর। সূত্র: আল জাজিরা।



