নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ বিষয়ে তাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ঢাকার রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত পরিস্থিতিকে ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়–বিষয়ক সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত (স্ট্র্যাটেজিক) চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রিপোর্টে উল্লেখ করা হয়, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা বা নৈরাজ্যের দিকে না গেলেও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ভারতকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের কৌশলগত নীতির পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি ‘মানবিক দৃষ্টিভঙ্গি’ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কীভাবে এগোবে, সে বিষয়েও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বাংলাদেশে ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ‘ফিউচার অব ইন্ডিয়া–বাংলাদেশ রিলেশনশিপ’ শীর্ষক এই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন দুই দেশের সম্পর্ক আবারও নতুন করে টানাপোড়েনের মুখে পড়েছে।



