ভারতের হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে অন্তত ১০ জন নিহত হন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে অন্ধ্রপ্রদেশের কর্ণুল জেলায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে কর্ণুল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকার কাছে জাতীয় মহাসড়ক-৪৪ এ ঘটনাটি ঘটে। তখন বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে স্পার্ক সৃষ্টি করে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
কর্ণুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাটিল এনডিটিভিকে জানান, “রাত তিনটার দিকে কাবেরি ট্রাভেলসের একটি ভলভো বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে এটি একটি দুই চাকার যানকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে আটকে যায় এবং আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে। যেহেতু বাসটি এয়ারকন্ডিশনড, তাই যাত্রীদের জানালা ভেঙে বের হতে হয়েছে। যারা কাচ ভাঙতে পেরেছেন, তারা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।
পুলিশের তথ্যমতে, মোট ৪০ জন যাত্রী, চালক ও কর্মচারীসহ বাসে ছিলেন। এর মধ্যে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে, তবে নিখোঁজ যাত্রীদের সন্ধান ও নিহতদের শনাক্তের কাজ চলছে।



