রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত হয়ে একজন ঢাকা বিভাগে এবং আরেকজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ৯৭৪ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ৫ হাজার ৪৭০ জনে পৌঁছেছে।
এছাড়া একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮০ জন রোগী।



