রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে পরে সংবিধানের সমালোচনা করা স্ব-বিরোধিতার শামিল—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন, তাদেরই আজ সংবিধান নিয়ে প্রশ্ন তোলা অসঙ্গত ও পরস্পরবিরোধী আচরণ।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ‘জুলাই সনদ’ ও সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন ‘জুলাই সনদ’ ও সংস্কার পরিষদ সম্পর্কিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংবিধানের কার্যকারিতা এবং বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করা যাবে না—এমন কোনো বিধিনিষেধ নেই। তিনি দেশের রাষ্ট্রপতি, এবং বিরোধী দলের অনেকেই অতীতে তার কাছেই উপদেষ্টা বা অন্যান্য পদে শপথ নিয়েছেন।
তিনি আরও বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তপশিল অনুযায়ী সংশ্লিষ্ট সবাই যথাযথভাবে শপথ গ্রহণ করেছেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ গ্রহণের প্রক্রিয়াও সম্পূর্ণ সাংবিধানিক ছিল।
সংসদ অধিবেশন আহ্বান ও রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়েছেন এবং অধিবেশনের স্থান নির্ধারণ করেছেন। বর্তমানে রাষ্ট্রপতির ভাষণের ওপর যে আলোচনা চলছে, সেটিও সংবিধান অনুসারেই পরিচালিত হচ্ছে।



