দেশজুড়ে হামে আক্রান্ত ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এখন পর্যন্ত এ রোগে এবং এর উপসর্গে ৩৫০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশু মারা গেছে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৮৯ জনের শরীরে এই ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ জন।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৩৫ জন। এরপর রাজশাহী বিভাগে ৭৮ জন। চট্টগ্রাম বিভাগে ২৫ জন, খুলনায় ১৮ জন এবং বরিশালে ১২ জন মারা গেছে।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪৬ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৬৯ জনকে ভর্তি করা হয়েছে। সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালে—৩৫৩ জন, আর সবচেয়ে কম রংপুর বিভাগে—মাত্র ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে। এর মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।



