দেশের তিন বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে বরিশালে দুইজন, ময়মনসিংহে একজন এবং সিলেটে একজন রয়েছে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায়ও একই হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গ ও শনাক্ত—দুই মিলিয়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১১০ জন শিশু। চলতি বছরে এ বিভাগে মোট ১,১৯০ জন শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি তিন বছর বয়সী আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২ এপ্রিল নগরের জামতলা মোড় এলাকা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, শিশুটি অন্যান্য শারীরিক জটিলতাতেও ভুগছিল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৩৪৪ শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ১০ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৭২ জন চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
অন্যদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দিব্য (৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির ঠিকানা প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে সিলেটে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলো।
এর আগে, গত ৮ এপ্রিল একই হাসপাতালে পাঁচ মাস বয়সী আরেক শিশু এবং ৬ এপ্রিল চার মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।



