ফিলিস্তিনের গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত হয়েছেন। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে উপত্যকাটিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সি সালেহ আলজাফারাওয়ি গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে এক সশস্ত্র গোষ্ঠীর গুলিতে নিহত হন। যুদ্ধ চলাকালীন ভিডিও প্রতিবেদন তৈরি করে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন।
আল জাজিরার সানাদ যাচাইকরণ সংস্থার তথ্য অনুযায়ী, প্রকাশিত ভিডিওতে ‘প্রেস’ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত সালেহর মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে থাকতে দেখা যায়। রোববার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, ওই দিন সাবরা এলাকায় হামাস নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানান, সংঘর্ষে ‘ইসরাইল দখলদার বাহিনীর সঙ্গে সম্পর্কিত একটি সশস্ত্র মিলিশিয়া’ জড়িত ছিল।
তিনি আরও বলেন, “নিরাপত্তা বাহিনী ঐ মিলিশিয়াকে ঘিরে ফেলেছিল, কিন্তু মিলিশিয়ার সদস্যরা দক্ষিণ গাজা থেকে আসা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে।”
যদিও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করে বলছে যে গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং অস্থিতিশীল।



