tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকহামাসের গোপন কার্যক্রমের বড় অংশ তুরস্কে সরানোর দাবি

হামাসের গোপন কার্যক্রমের বড় অংশ তুরস্কে সরানোর দাবি

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস তাদের সাংগঠনিক পরিকল্পনা, সাইবার ইউনিটসহ গোপন কার্যক্রমের একটি বড় অংশ তুরস্কে স্থানান্তর করেছে বলে দাবি করেছে ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান। বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ধীরে ধীরে তাদের অধিকাংশ গোপন কার্যক্রম তুরস্কে স্থানান্তর করছে। তবে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসেবে কাতার আগের মতোই বহাল থাকবে।

এতে আরও বলা হয়, কাতারের নিরাপত্তা সংস্থাগুলো হামাসের নেতাদের চলাফেরার ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে। বর্তমানে কাতারের ভেতরে কোনো আনুষ্ঠানিক বৈঠক আয়োজনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হচ্ছে।

ইসরাইলি গণমাধ্যমটির দাবি, হামাসের নতুন নেতা হিসেবে খলিল আল-হাইয়া নির্বাচিত হওয়ার পর পরিস্থিতিতে এ পরিবর্তন এসেছে। প্রতিবেদনে বলা হয়, কাতার এ সিদ্ধান্তে সন্তুষ্ট না থাকলেও শেষ পর্যন্ত তা মেনে নিতে বাধ্য হয়েছে।

এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাতার হামাসের নেতৃত্বে খালেদ মাশালকে সমর্থন করেছিল। কারণ, দোহার সঙ্গে মাশালের সম্পর্ক আল-হাইয়ার তুলনায় ঘনিষ্ঠ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরাইল-হামাস সংঘাত চলাকালে হামাসের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন খলিল আল-হাইয়া। গত ২০ জুলাই তিনি সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। তিনি নিহত ইয়াহইয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হন। ২০২৪ সালের অক্টোবরে সিনওয়ার নিহত হওয়ার পর পদটি শূন্য ছিল এবং ওই সময় হামাস একটি যৌথ নেতৃত্ব কমিটির মাধ্যমে পরিচালিত হয়।

আল-হাইয়া দীর্ঘদিন ধরে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে হামাসের সম্পর্ক সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের জুলাইয়ে তিনি তৎকালীন হামাসপ্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে তেহরান সফরে যান। ওই সফর চলাকালেই হানিয়া নিহত হন।

নেতা নির্বাচিত হওয়ার পর গত সপ্তাহে আল-হাইয়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক করেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির তথ্য অনুযায়ী, বৈঠকে হাকান ফিদান ফিলিস্তিনিদের ‘ন্যায্য অধিকার’-এর প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি আন্তর্জাতিক সব পরিসরে এ সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তবে হামাস, তুরস্ক বা কাতার সরকার আনুষ্ঠানিকভাবে হামাসের গোপন কার্যক্রম তুরস্কে স্থানান্তরের দাবি নিশ্চিত বা অস্বীকার করেনি।