বড় পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী রুনা খান। ‘হালদা’, ‘ছিটকিনি’সহ একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার হাওর অঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন এই অভিনেত্রী।
সিনেমাটি নির্মাণ করছেন রাজন তালুকদার। সুনামগঞ্জের হাওর এলাকায় গত ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে ‘জলপবন’-এর শুটিং। চলতি মাসজুড়েই সেখানে সিনেমাটির দৃশ্যধারণ চলবে বলে জানা গেছে।
শুটিংয়ের ফাঁকে সিনেমাটি নিয়ে রুনা খান বলেন, ‘এটি মূলত অপেক্ষার গল্প। হাওর এলাকার মানুষের জীবনের গল্প উঠে আসবে এই সিনেমায়। আমাকে দেখা যাবে নিরালা চরিত্রে। এর বেশি এখন বলতে চাই না। তবে চরিত্রটি আমার পছন্দ হয়েছে বলেই এতে যুক্ত হয়েছি। খুব ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’
‘জলপবন’ একটি স্বাধীন চলচ্চিত্র। সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনেকেরই এটি প্রথম সিনেমা। নির্মাতা রাজন তালুকদার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন।
নতুনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রুনা খান বলেন, ‘এটি একটি স্বাধীন চলচ্চিত্র। তাই পরিচিত মুখ তেমন নেই। নির্মাতা রাজন তালুকদারের এটি যেমন প্রথম সিনেমা, তেমনি অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনেকেরও প্রথম সিনেমা। তবে সবার ভালো করার যোগ্যতা আছে।’
সিনেমাটিতে রুনা খানের পাশাপাশি প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য। অন্যদিকে সামিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। স্থানীয় কয়েকজন অভিনয়শিল্পীও সিনেমাটিতে যুক্ত হয়েছেন। তাদের অনেকেই থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ শিগগির সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা রয়েছে। ছাড়পত্র পাওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ জানানো হবে। এতে রুনা খানের সঙ্গে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’। নতুন সিনেমার শুটিংয়ের পাশাপাশি একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় থাকায় বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন রুনা খান।



