tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি?

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি?

হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করছে ইরান। আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) বিশ্লেষক মাইকেল স্টিভেন্স জানিয়েছেন, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে ইরান, ওমান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে নেপথ্যে আলোচনা চলছে।

তবে প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার সময় জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের টোল বা ফি আদায়ের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভেন্স বলেন, এ বিষয়ে ইরানের সঙ্গে ওমানের আলোচনা হয়েছে এবং জিসিসিভুক্ত দেশগুলোরও নীরব সমর্থন রয়েছে। তার মতে, এর মধ্য দিয়ে হরমুজ প্রণালিতে তৈরি হওয়া নতুন বাস্তবতা জিসিসিভুক্ত দেশগুলো মেনে নিতে শুরু করেছে—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, ভবিষ্যতে হরমুজ প্রণালিকে এড়িয়ে বিকল্প পাইপলাইন ব্যবস্থা গড়ে উঠলে এই জলপথের কৌশলগত গুরুত্ব কমে যেতে পারে। তবে স্টিভেন্সের মতে, এ ধরনের অবকাঠামো নির্মাণে দীর্ঘ সময় লাগবে। ফলে স্বল্পমেয়াদে হরমুজ প্রণালির গুরুত্ব কমার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও বলেন, নতুন দফার সম্ভাব্য আলোচনার আগে ইরান নিজেদের দরকষাকষির অবস্থান আরও শক্তিশালী করছে। বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা কৌশলগত বিজয় হিসেবে উপস্থাপন করা তাই কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় এর নিরাপত্তা ও চলাচল নিয়ে যেকোনো নতুন সমঝোতা আঞ্চলিক রাজনীতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।

ইরান, ওমান ও জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে নেপথ্যের এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমঝোতায় রূপ নেয় কি না, এখন সেদিকেই নজর বিশ্লেষকদের।