হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও কৌশলগত প্রভাব কোনোভাবেই ছাড়তে রাজি নয় ইরান। তেহরানের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বর্তমানে দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও রাজনৈতিক হাতিয়ার।
ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের নির্ধারিত রুট বা নৌপথ (লেন) অনুসরণ না করলে কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই অবস্থান থেকে সরে আসার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে তেহরান।
ইরানের লক্ষ্য, হরমুজ প্রণালিতে প্রবেশকারী সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জলযানের ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা। এমনকি প্রণালির দক্ষিণাংশে ওমানের জলসীমার কাছাকাছি থাকা বহির্গামী নৌপথগুলোর ওপরও নজরদারি ও প্রভাব ধরে রাখতে চায় দেশটি।
অন্যদিকে, বিষয়টির কূটনৈতিক ও আইনি দিকও উন্মুক্ত রয়েছে। হরমুজ প্রণালির কোন অংশের ওপর কার কতটুকু নিয়ন্ত্রণ থাকবে, তা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আইনি আলোচনা চলছে।
তবে আইনি প্রক্রিয়া চললেও বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসতে নারাজ তেহরান। হরমুজ প্রণালির প্রবেশ ও বহির্গমনের সব গুরুত্বপূর্ণ রুটে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখে প্রতিপক্ষের ওপর কৌশলগত চাপ ধরে রাখাই দেশটির লক্ষ্য।
সূত্র: আল জাজিরা



