চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হারুয়ালছড়ি ইউনিয়নের হাজিরখালি গ্রামের নয়ন উরাং (১৯), উত্তম উরাং (২০) ও তপু কর্মকার (১৬)। তারা তিনজনই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের কিছুক্ষণ আগে চট্টগ্রামগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার একটি সনাতনী ধর্মাবলম্বী পরিবারের বৌভাত অনুষ্ঠান শেষে বাসটি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফিরছিল। অন্যদিকে তিন নির্মাণশ্রমিক কাজ শেষে একই মোটরসাইকেলে করে বাড়ির পথে ছিলেন। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে একটি খাদে পড়ে যায়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ ও হতাহতের সঠিক তথ্য তদন্ত শেষে জানানো হবে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ফটিকছড়ি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি সাংবাদিকদের বলেন, অপরিকল্পিত সড়কের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।



