সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনা জোরদারে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু ও কার্যকর করতে হবে।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তর জানায়, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর সার্বিক পরিচ্ছন্নতা, তদারকি এবং উপস্থিতি ব্যবস্থাকে আরও কার্যকর করতে ছয় দফা নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো—
- প্রতিটি হাসপাতালের প্রধান নিজ দায়িত্বে প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নিশ্চিত করবেন।
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিতভাবে অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করবেন।
- মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
- বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) নির্ধারিত সূচি অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।
- প্রতিটি জেলার সিভিল সার্জন প্রতি শনিবার নির্ধারিত তালিকা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।
- আগামী ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা সচল করে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে।



