tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকআমিরাতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, জেনে নিন নতুন ৬ নিয়ম

আমিরাতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, জেনে নিন নতুন ৬ নিয়ম

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশ ও বসবাসের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং আধুনিক করতে ২০২৬ সালে ভিসা নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। অন-অ্যারাইভাল ভিসা, পর্যটন ভিসা, আবাসন ভিসা, মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর হওয়া এসব নতুন নিয়ম প্রবাসী, পর্যটক এবং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এবং দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চলতি বছরে এ পর্যন্ত ছয়টি বড় পরিবর্তন কার্যকর করেছে।

অন-অ্যারাইভাল ভিসার সুবিধা আরও বিস্তৃত

আইসিপি ১৪ ও ৬০ দিনের ইউএই এন্ট্রি ভিসার আওতা আরও সম্প্রসারণ করেছে। আগে নির্দিষ্ট শর্তে শুধু ভারতীয় নাগরিকরা এই সুবিধা পেতেন। এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুবিধার অন্তর্ভুক্ত হয়েছেন।

এছাড়া যোগ্য আবেদনকারীদের বসবাসের দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডাকেও যুক্ত করা হয়েছে।

৪৮ ঘণ্টায় মিলবে পর্যটন ভিসা

দুবাই ভ্রমণকারীদের জন্য আরও দ্রুত ভিসা সেবা চালু করেছে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)। অনুমোদিত ট্রাভেল এজেন্সি বা পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) পর্যটন ভিসা পাওয়া যাবে। এই ভিসার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন।

সম্পত্তি বিনিয়োগে রেসিডেন্সি ভিসার শর্ত শিথিল

দুই বছরের সম্পত্তিভিত্তিক রেসিডেন্সি পারমিটের নিয়মেও পরিবর্তন এসেছে। নতুন নীতিতে একক বিনিয়োগকারীদের জন্য আগের ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একমাত্র মালিক হতে হবে।

অন্যদিকে, যৌথ মালিকানার ক্ষেত্রে প্রতিটি অংশীদারের সম্পত্তিতে অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে, তাহলেই রেসিডেন্সি ভিসার জন্য আবেদন করা যাবে।

ওভারস্টে জরিমানার ছাড় শেষ হচ্ছে

আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বিপর্যয়ের কারণে যেসব বিদেশি নাগরিককে ওভারস্টে জরিমানায় সাময়িক ছাড় দেওয়া হয়েছিল, তাদের জন্য ৩০ দিনের বিশেষ সময়সীমা নির্ধারণ করেছে আইসিপি।

এই সময়ের মধ্যে, অর্থাৎ আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের ভিসার বৈধতা নিশ্চিত করতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে। অন্যথায় প্রচলিত নিয়ম অনুযায়ী জরিমানা কার্যকর হবে।

চালু হচ্ছে স্মার্ট মেডিকেল ভিসা

চিকিৎসা পর্যটনকে আরও সহজ করতে দুবাইয়ে চালু হচ্ছে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ ব্যবস্থা। এ উদ্যোগ বাস্তবায়ন করছে জিডিআরএফএ এবং দুবাই হেলথ অথরিটি।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি রোগীরা চিকিৎসার জন্য দুবাইয়ে আসার আগে থেকেই ভিসা, রেসিডেন্সি, চিকিৎসা এবং চিকিৎসা-পরবর্তী ফলো-আপ—সব সেবা একটি সমন্বিত ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।

ইবোলা-আক্রান্ত দেশের নাগরিকদের ভিসা সাময়িক স্থগিত

জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ইবোলা সংক্রমণের ঝুঁকিতে থাকা কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং আইসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

সূত্র: খালিজ টাইমস