tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকস্বপরিবারসহ আরেক শীর্ষ জেনারেল নিহত, জানাল ইরান

স্বপরিবারসহ আরেক শীর্ষ জেনারেল নিহত, জানাল ইরান

ইরান জানিয়েছে, আরেক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির দাবি, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে এক হামলায় প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এক হামলায় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জামশেদ এশাঘি নিহত হয়েছেন। এ সময় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় জেনারেল এশাঘি প্রাণ হারান। তিনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে হামলার বিস্তারিত বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আরেক শীর্ষ কর্মকর্তা আলিরেজা তাংসিরির জানাজা সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা। তিনি ইসরায়েলের এক হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

এরও আগে ইরান জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইসরায়েলি বাহিনীর পরিচালিত একটি ‘নির্ভুল ও প্রাণঘাতী অভিযানে’ তাংসিরি এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে একটি হামলায় তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়। এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।