দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে আসছিলেন। তাদের উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সংগত দাবিগুলো সরাসরি তুলে ধরা।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তারা বাংলাদেশ সচিবালয়ে গিয়ে সাক্ষাতের অনুমতি চান।
তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই তারা অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে দেখা করার সুযোগ পান। এ সময় তারা সরাসরি নিজেদের দাবিসংবলিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের আবেদন গ্রহণ করেন।
এই আকস্মিক সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং এর ফলে সৃষ্ট মানবিক সমস্যার বিষয়গুলো প্রধানমন্ত্রীর নজরে আনেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন। তিনি আরও জানান, বঞ্চনার অভিযোগসম্বলিত লিখিত আবেদনটিও প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।
আবেদনপত্র অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১,৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং অন্যান্য শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেওয়া হয়নি।
এর ফলে প্রশাসনিক কাঠামোয় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে অনেক ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন।



